মাওলানা শফিকুল ইসলাম মাদানীর ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে দিচ্ছে পুলিশ, সম্প্রতি ফেসবুকে এ ধরণের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, "এখন তো দেশে আওয়ামী লীগ নাই। তাহলে মাহফিলে বাধা দেয় কারা?" ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।
প্রারম্ভিক অনুসন্ধানে ভিডিওটির বিভিন্ন কি- ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি আপলোড করা হয়েছে, ২০২৩ সালের ৬ ডিসেম্বর। এই ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, মাওলানা মাদানীর ওয়াজমঞ্চের ব্যানারে লেখা, বর্শিকুড়া দক্ষিণপাড়া (বড়বাড়ি) জামে মসজিদ। ফেসবুকে সাম্প্রতিক দাবিতে ছড়ানো ভিডিওটিতেও ব্যানারে একই নাম লেখা। এছাড়াও, মঞ্চের মাওলানা মাদানির চেয়ার, পুলিশের কার্যক্রম এবং অন্যান্য ব্যক্তিদের উপস্থিতি সবকিছুই আলোচিত ভিডিওটির সঙ্গে মিলে যায়। অর্থাৎ ভিডিওটি বর্তমান সরকারের সময়ের নয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশ রূপান্তরের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ৭ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, “নেত্রকোনায় ওয়াজ করছিলেন ‘শিশু বক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। অনুমতি না নেওয়ার অভিযোগে ওয়াজ মাহফিলে হাজির হয় পুলিশ। সেখান থেকে পুলিশ মাইক নিয়ে চলে যায়।” এই প্রতিবেদনের সঙ্গে মাওলানা মাদানির একটি বড় ছবির সঙ্গে ইনসার্টে ওয়াজমঞ্চের একটি ছবি যুক্ত রয়েছে। ইনসার্টের ছবির ব্যানারে বর্শিকুড়া লেখা রয়েছে এবং আলোচিত ভিডিওর সঙ্গে পারিপার্শ্বিক অন্যান্য বিষয়েরও সাদৃশ্য রয়েছে।
উল্লেখ্য, বর্শিকুড়া নেত্রকোনা জেলায় অবস্থিত।
অর্থাৎ ফেসবুকে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের। ফলে সঙ্গত কারণে, বর্তমান সরকারের সময়ের ভিডিও দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: মাওলানা শফিকুল ইসলাম মাদানীর ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে দিচ্ছে পুলিশ, সম্প্রতি ফেসবুকে এ ধরণের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, "এখন তো দেশে আওয়ামী লীগ নাই। তাহলে মাহফিলে বাধা দেয় কারা?"
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh