সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদের একটি দাবি ফেসবুকে ছড়াচ্ছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, দাবিটি ভিত্তিহীন। গত ৫ অক্টোবর দাবিটি প্রথম ছড়িয়েছিল ইনফো বাংলা নামে একটি প্রোপাগাণ্ডামূলক ওয়েবসাইট থেকে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমও ওই প্রোপাগাণ্ডা ওয়েবসাইটের খবরগুলোই গুঞ্জন হিসেবে সামনে আনে। এমন প্রেক্ষাপটে মোস্তফা সরয়ার ফারুকী এসবের কোনো ভিত্তি নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে এটির উৎস অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেখা যায়, ইনফো বাংলা (InfoBangla) নামের একটি ফেসবুক পেজ দাবিটির সম্ভাব্য প্রথম উৎস। গত ৫ অক্টোবর বিকেলে পেজটিতে ফারুকী-তিশার কথিত বিবাহ বিচ্ছেদের দাবিটি নিয়ে প্রথম পোস্টটি করা হয়। ওইদিন বিকেল ৩টা ৫ মিনিটে দেওয়া পোস্টটিতে ব্রেকিং নিউজ আকারে লেখা হয়, ‘দীর্ঘ সংসারজীবনের ইতি টেনে আলাদা হয়ে গেলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা।’
একই পেইজে এই সংক্রান্ত পরের পোস্টটি দেওয়া হয় বিকেল ৩টা ৫২ মিনিটে। এই পোস্টে দাবি করা হয়, ‘অস্ট্রেলিয়ার বাড়ি বিক্রি নিয়ে দ্বন্দ্ব থেকে ফারুকী-তিশার সংসার ভাঙছে।’ পোস্টটির কমেন্টবক্সে একই নামে খোলা একটি ওয়েবসাইটের লিংকও যুক্ত করা হয়।
এই লিংকে প্রবেশ করে জানা যায়, ‘অস্ট্রেলিয়ার একটি সম্পত্তি বিক্রি নিয়ে তৈরি হওয়া পারিবারিক দ্বন্দ্বের জেরে ফারুকীকে ডিভোর্স দিয়ে দেশে ফিরেছেন তিশা। বর্তমানে তিনি তার মায়ের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি সুইজারল্যান্ডে নতুন একটি বাড়ি কেনেন মোস্তফা সরওয়ার ফারুকী। এর পরপরই অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা বাড়িটি বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেন তিনি। তবে নিজের নামে থাকা সেই বাড়িটি বিক্রি করতে সম্মত ছিলেন না তিশা। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও তীব্র বাদানুবাদ চলে আসছিল। সম্পত্তি সম্পর্কিত এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে একপর্যায়ে তিশা ফারুকীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন।’
বিশ্লেষণ করে দেখা যায়, কথিত এই প্রতিবেদনটিতে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ নেই।
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও তিশা-ফারুকীর ডিভোর্স প্রসঙ্গে এসব দাবিই উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ইনফো বাংলা নামের এই পেইজটি থেকে ইতিপূর্বেও গুজব ছড়ানো হয়েছিল। যেমন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর পেইজটি থেকে একটি এআই জেনারেটেড ছবি শেয়ার করে দাবি করা হয়, নোয়াখালী জেলা কারাগারে বন্দি থাকা জোনায়েদ নামে এক ছাত্রলীগ কর্মী এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। তবে ফ্যাক্টওয়াচের যাচাইয়ে এটি মিথ্যা হিসেবে চিহ্নিত হয়।
দাবিটি ফেসবুকে ভাইরাল করার পেছনে একটি চক্র
ইনফো বাংলা নামের পেইজটিতে তিশা-ফারুকীর ডিভোর্সের দাবিটি ৫ অক্টোবর বিকেল ৩টা ৫ মিনিটে পোস্ট দেওয়ার দুই মিনিট পরেই ৩ টা ৭ মিনিটে এটি শেয়ার করা হয় ‘অরণ্য আবির‘ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। একইদিন বিকেল ৩টা ৩৭ মিনিটে ইনফো বাংলার ফটোকার্ডটি পোস্ট দেওয়া হয় ‘টেলেন্ট কান্তি দাশ‘ নামে একটি প্রোফাইল থেকে।
প্রোফাইলটির পরিচয় থেকে জানা যায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট এমসি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক। সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ইনফো বাংলার ফটোকার্ডটি শেয়ার দেওয়া হয় ‘Faceless Democracy-মুখহীন গণতন্ত্র‘ নামের একটি পেইজ থেকে।
এই অ্যাকাউন্ট ও পেইজগুলো সংঘবদ্ধভাবে বিভিন্ন গুজব, অপতথ্য ছড়াতে কাজ করে। এর মধ্যে ‘টেলেন্ট কান্তি দাশ’ নামের প্রোফাইলটি থেকে বিভিন্ন সময়ে ছড়ানো মিসইনফরমেশন শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
এ ছাড়া অপর দুটি প্রোফাইল ও পেইজকে জুলাই আন্দোলনের বিভিন্ন পরিচিত মুখদের অনলাইনে হেনস্তা, বিভিন্ন সংকটকালে মিসইনফরমেশনের অ্যাক্টর হিসেবে কাজের প্রমাণ পাওয়া যায় ফ্যাক্টচেকিং আউটলেট রিউমর স্ক্যানারের অনুসন্ধানে।
কাটছাঁট ভিডিও দিয়ে দাবিটি প্রতিষ্ঠার চেষ্টা
শোবিজ স্টোরিজ নামের একটি ফেসবুক পেইজে গত ৭ অক্টোবর তিশার একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আমার কষ্টার্জিত টাকা দিয়ে অস্ট্রেলিয়ার বাড়িটা নেওয়ার জন্য ফারুকী আমাকে নিয়মিত গা/য়ে হাত তুলতো: তিশা’।
ভিডিওটিতে তিশাকে বলতে শোনা যায়, ‘বলে না যে পায়ের তল থেকে মাটি সরে যায়। আমার কাছে ফিল হইছে যে আমার জাস্ট মাটিটা সরে গেল, দ্যাটস ইট। আমার কাছে তখন ডুপ্লেক্স বাড়ি ছিল। দুজন দুজনকে ধরে বললাম যে এখন আমাদের দুজন দুজনার।’
এরপর ব্যাকগ্রাউন্ড ভয়েজে ফারুকীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বর্ণনা করা হয়। সঙ্গে এটিও দাবি করা হয়, তিশার সাক্ষাৎকারটি সাম্প্রতিক সময়ের।
তবে ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, সাক্ষাৎকারটি ২ বছর আগের। ২০২৪ সালের ১৯ জুন মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ শোতে এই সাক্ষাৎকারটি দেন তিশা। সেখানে বাবার মৃত্যু পরবর্তী স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তার বক্তব্যটি ছিল মূলত বাবার মৃত্যু পরবর্তী সময়ে ভাইয়ের সঙ্গে আবেগপ্রবণ হয়ে যাওয়া নিয়ে।
এই ভিডিওর ফুটেজ ব্যবহার করতে দেখা গেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও।
এসবের বাইরে ফারুকীর বিরুদ্ধে তিশার অভিযোগ নিয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিভোর্স প্রসঙ্গে ফারুকী, ‘এসবের কোনো ভিত্তি নেই’
তারকা এই দম্পতির কথিত ডিভোর্স নিয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে বিডিনিউজ২৪-এ একটি প্রতিবেদন পাওয়া যায়। গতকাল রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এই প্রতিবেদনে ফারুকীকে উদ্ধৃত করে বলা হয়, ‘ওই নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।’
বিদেশে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাকে ‘কৌতুকপ্রদ’ আখ্যা দিয়ে ফারুকী বলেন, ‘সবচেয়ে কৌতুকপ্রদ বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে একটা লোকের বাড়ি থাকা, এটা তো যে কেউ সার্চ দিলেই বের করে ফেলতে পারে। এসব অপপ্রচার আমাকে নিয়ে আগেও ছিল। বরং এসব অপ্রাসঙ্গিক বিতর্ক এড়িয়ে আমার কাজের খবর নিয়ে নিয়ে লিখুন।’
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, শনিবার সকাল থেকে ফারুকীর ফেইসবুক একাউন্ট হ্যাক হয়েছে। ফারুকী বলেন, ‘অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। বাংলাদেশের একটা সাইবার অপরাধী গ্রুপ, তারা এটা করে বিভিন্ন গ্রুপে সেলিব্রেট করছে। আমার কাছে স্ক্রিনশট আছে। আইনশৃঙ্খলা বাহিনীর এগুলো নিয়ে তৎপর হওয়া দরকার, এগুলোতো নাগরিক নিরাপত্তার বিষয়।’
প্রতিবেদনটিতে ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার একটি স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, ‘ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স’ নামে একটি পেইজ ফারুকীর অ্যাকাউন্টটি সরিয়ে নেওয়ার দায় স্বীকার করছে।
ইতিপূর্বে উল্লিখিত ‘অরণ্য আবির’ নামের অ্যাকাউন্টটি এমনই একটি ক্র্যাক প্লাটুন বাংলাদেশ নামে গ্রুপের সঙ্গে যুক্ত আছেন।
উপরিউক্ত বিশ্লেষণ ও ফারুকীর বক্তব্য সূত্রে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদের দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য তথ্যের উৎস ছাড়াই এটি প্রচার হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিবাহ বিচ্ছেদ
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh