১৫ আগস্ট উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মশাল মিছিল করা হয়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটির সঙ্গে যে দাবি করা হচ্ছে, সেটি সঠিক নয়। এটি গত ১২ আগস্ট মাদারীপুরে অবৈধ ড্রেজার ব্যবহার করে নদীর তলদেশ কেটে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি বন্ধের দাবিতে মশাল মিছিলের। নদী, পরিবেশ ও জনপদ রক্ষার দাবিতে জেলাটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
প্রচারিত ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে আরিয়ান আহমেদ নুসান (Ariyan Ahmed Nushan) নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটি পাওয়া যায়। গত ১৪ আগস্ট এখানে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি মাদারীপুরের মশাল মিছিলের ভিডিও।
এই ক্যাপশন সূত্রে পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মাদারীপুর মৈত্রী মিডিয়া নামের একটি ফেসবুক পেজে একই মিছিলের ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা একটি পোস্ট পাওয়া যায়। এটির সঙ্গে চাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে মশাল মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের শকুনি লেকের পাড়ের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রেও মাদারীপুরের এই মশাল মিছিলটির তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে।
ফলে এটি নিশ্চিত হওয়া যায়, ১৫ আগস্ট উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মশাল মিছিলের দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: ১৫ আগস্ট উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মশাল মিছিল করা হয়েছে
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh