যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক নির্বাচিত হওয়ার ভুয়া দাবি

24
যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক নির্বাচিত হওয়ার ভুয়া দাবি
যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক নির্বাচিত হওয়ার ভুয়া দাবি

যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ান সিদ্দিকী-এমন একটি দাবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি ভিত্তিহীন। যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে কোনো নির্বাচন হয়নি। দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে ২০২৯ সালে। 

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে নির্বাচন হওয়া এবং টিউলিপ সিদ্দিকীর নির্বাচিত হওয়ার ব্যাপারে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। 

এই নিয়ে অনুসন্ধানে বিবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অন্তত প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয়। পরবর্তী সাধারণ নির্বাচনের শেষ সময়সীমা ১৫ আগস্ট ২০২৯। কারণ বর্তমান পার্লামেন্টের মেয়াদ শুরু হয়েছে ৯ জুলাই ২০২৪ থেকে। তবে এর আগে যেকোনো সময় প্রধানমন্ত্রী চাইলে সাধারণ নির্বাচন আহ্বান করতে পারেন।

অর্থাৎ টিউলিপ সিদ্দিকীর যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার দাবিটি ভিত্তিহীন। 

প্রসঙ্গত, গত ২২ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। ওইদিন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্টারমার বলেন, তার দল লেবার পার্টির নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের পার্লামেন্টের শরৎকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন দলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে পারেন। অর্থাৎ কিয়ার স্টারমারেই বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী। 

ছড়াচ্ছে এআই ছবি

টিউলিপ সিদ্দিকীর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার দাবিতে ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে টিউলিপ সিদ্দিকীকে মালা পরিয়ে দিতে দেখা যায়। পাশেই দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। 

ছবিটি বিশ্লেষণে দেখা যায়, এটির ডান পাশের ঠিক নিচের অংশে জেমিনির লোগো রয়েছে। জেমিনি হচ্ছে গুগলের এআই প্রযুক্তি। এটি দ্বারা কিছু তৈরি হলে এই ওয়াটারমার্ক বা জলছাপটি সাধারণত থেকে যায়। অবশ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেটিও মুছে দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সেটা করা হয়নি। ফলে ছবিটি এআই জেনারেটেড হতে পারে। 

এই সম্ভাবনা থেকে ছবিটি এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী একাধিক টুল দিয়ে যাচাই করে দেখা হয়। টুলগুলোর বিশ্লেষণে ছবিটি প্রায় শতভাগ এআই জেনারেটেড বলে জানা যায়।

আবার ছবিটিতে জেমিনির লোগো থাকায় গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়েও যাচাই করে দেখা হয়। এই টুলটিও ছবিটি গুগল এআই দিয়ে তৈরি বা এডিট বলে জানিয়েছে।

সার্বিক বিশ্লেষণে ফ্যাক্টওয়াচ টিউলিপ সিদ্দিকীর যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।


Claim:
যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ান সিদ্দিকী

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh