উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের ভিত্তিহীন দাবি   

49
উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের ভিত্তিহীন দাবি   
উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের ভিত্তিহীন দাবি   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার ছবিসহ একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কার্ডে লেখা- দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে আটক উমামা ফাতেমা। ফেসবুক পোস্টগুলোতে 'গজব ভিশন'র লোগোযুক্ত এই কার্ড শেয়ারের সময় ক্যাপশনে বলা হচ্ছে- "দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক উমামা ফাতেমা। তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমান থেকে ধরে নিয়ে আসে পুলিশ।"  ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। 

 

এ ধরনের কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

গজব ভিশন (Gojob Vision) নামের ফেসবুক পেজটি ‘বাংলা ভিশন’ নামের টিভি চ্যানেলের অনুকরণে তাদের ফেসবুক আইডি চালু করে ২০২৫ সালের ১০ আগস্ট। তাদের বায়োতে লেখা-  Satire/parody · Media/news company · Health/beauty 

পেজটি থেকে প্যারডি বা স্যাটায়ার ফটোকার্ড প্রকাশ করে। উমামা ফাতেমার এই ফটোকার্ডটি এখান থেকেই প্রথম শেয়ার করা হয়। পরবর্তীতে এখান থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে এটি।     

মূলধারার সংবাদমাধ্যম অনুসন্ধান করে উমামা ফাতেমার দেশ ছেড়ে যাওয়া অথবা বিমানবন্দরে আটক হওয়ার খবর পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা ঘটলে তা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার কথা। 

ফটোকার্ডটির সাহায্যে রিভার্স ইমেজ সার্চে প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে নেওয়া উমামার ছবিটি আলোচ্য ফটোকার্ডে ব্যবহার করা হয়েছে। ২০২৫ সালের ২৮ জুলাই ফেসবুকে দেওয়া তার একটি বক্তব্য নিয়ে করা হয়েছিল এই প্রতিবেদন। 

এছাড়া, ফ্যাক্টওয়াচের পক্ষ থেকে ২১ সেপ্টেম্বর দুপুরে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি দেশে আছেন এবং তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছেন। তিনি আরও জানান, অস্ট্রেলিয়া গিয়েছিলেন গত এপ্রিলে, কনফারেন্সে অংশ নিয়ে ফিরেও এসেছেন। 

তার ফেসবুক প্রোফাইল অনুসন্ধান করে দেখা যায়, এ বছরের এপ্রিলে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ‘কলমেনা ফান্ড’ এবং ‘উইমেন ডেলিভার’ এর আমন্ত্রণে মেলবোর্নের নার্মে অনুষ্ঠিতব্য ‘উইমেন ডেলিভার ২০২৬ কনফারেন্স’-এ একজন বক্তা হিসেবে যোগ দিয়েছিলেন। গত ২৯ এপ্রিল, ২০২৬-এ উইমেন ডেলিভার ২০২৬-এর সাইড ইভেন্ট—”ফ্রম মুভমেন্টস টু পাওয়ার: আ ডায়ালগ উইথ জেন জি অ্যান্ড মিলেনিয়াল উইমেন ইন পলিটিক্স”-এ বক্তব্য দেন তিনি। সেই সাথে ৩০ এপ্রিল, ২০২৬-এ “ট্রান্সফরমেটিভ ফিউচার অব পিস” শীর্ষক আলোচনায়ও অংশ নেন। তারপর তিনি দেশে ফিরে আসেন। 

কাজেই উমামা ফাতেমা সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যাননি আর সেখানে তাকে আটক করার বিষয়টিও বানোয়াট। ফলে এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।    

Claim:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার ছবিসহ একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কার্ডে লেখা- দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে আটক উমামা ফাতেমা। ফেসবুক পোস্টগুলোতে 'গজব ভিশন'র লোগোযুক্ত এই কার্ড শেয়ারের সময় ক্যাপশনে বলা হচ্ছে- "দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক উমামা ফাতেমা। তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমান থেকে ধরে নিয়ে আসে পুলিশ।"

Claimed By:
Facebook User

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh