যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছে দাবিতে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও ফেসবুকে একটি তথ্য প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি বিভ্রান্তিকর। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সব ধরনের ভিসা নয়, যুক্তরাষ্ট্র কেবল অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করেছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
এটি থেকে জানা যায়, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী অভিবাসী ভিসার (Immigrant Visa) অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তা বা জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের যাচাই-বাছাই কীভাবে করতে হবে—এ বিষয়ে সব কনস্যুলার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই বিরতি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চলতি মাসে শুরু হওয়া এই “গ্লোবাল ট্রেনিং ইনিশিয়েটিভ”-এর কারণে মার্কিন দূতাবাসগুলোতে ভিসা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে আবার স্বাভাবিকভাবে শুরু হবে, সে বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি।
এ ছাড়া রয়টার্সের একটি প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করা হয়েছে। তবে গতকাল ২৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে একটি সংশোধনী দেখা যায়। এতে সংবাদমাধ্যমটি লিখে, তাদের প্রতিবেদনটিতে সংশোধনী আনা হয়েছে। শিরোনাম ও প্রথম অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে, এই স্থগিতাদেশ সব ধরনের ভিসার ক্ষেত্রে নয়; বরং শুধু অভিবাসী ভিসার (Immigrant Visa) অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।
এই সংশোধনী থেকে বোঝা যাচ্ছে, প্রতিবেদনটিতে প্রথমে শিরোনাম ও প্রথম অনুচ্ছেদে সব ধরনের ভিসা উল্লেখ করা হয়েছিল। পরে সেটি সংশোধন করা হয়েছে। যাচাইয়ে দেখা যায়, বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম রয়টার্সের এই প্রতিবেদন সূত্রে বাংলা ভাষায় প্রতিবেদন প্রকাশ করেছে।
আবার কিছু সংবাদমাধ্যমের ফেসবুক পোস্টে এই অভিবাসন ভিসার সাক্ষাৎকার স্থগিতের ব্যাপারটি যে বিশ্বব্যাপীই প্রযোজ্য, সেটি উল্লেখ না থাকায় পাঠকরা এটি কেবল বাংলাদেশের জন্য প্রযোজ্য ভেবে বিভ্রান্ত হয়ে মন্তব্য করছেন। ফেসবুক ব্যবহারকারীদের এমন মন্তব্যযুক্ত স্ক্রিনশট দেখুন-
উপরিউক্ত বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে, যুক্তরাষ্ট্র সব ধরনের ভিসার সাক্ষাৎকার স্থগিত করেনি। কেবল অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করেছে। কিন্তু প্রতিবেদন ও ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ না থাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করছে।
Claim: যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছে
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh