ফেসবুকে সম্প্রতি বেশ কিছু ক্ষতিগ্রস্ত-ভাঙা প্রতিমার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মাদারীপুরের সদর থানার মস্তফাপুরের পর্বতবাগান দিঘীরপাড় গণেশ পাগলের মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মন্দিরে হামলা ও ভাঙচুরের এই ছবিগুলো পুরোনো। ২০২৫ সালের ৭ আগস্ট এই ঘটনা ঘটে। সেই সময়কার ছবিগুলো নতুন করে প্রচার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে মাদারীপুরে মন্দিরে ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশ টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে ব্যবহৃত একটি ছবির সঙ্গে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। জানা যায়, মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পাগল মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরের ৪টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। ২০২৫ সালের ৭ আগস্ট ভোর ৩টার দিকে জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান দিঘীরপাড়ে এ ঘটনা ঘটে।
এই প্রতিবেদন সূত্রে ফেসবুকে খোঁজে ২০২৫ সালে মন্দির দুটিতে হামলা-ভাঙচুর সংক্রান্ত বেশ কিছু পোস্ট পাওয়া যায়। ওসব পোস্টেও সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচারিত ছবিগুলো রয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।
এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের ওই সময় প্রকাশিত প্রতিবেদন থেকেও ২০২৫ সালে মন্দির দুটিতে ভাঙচুরের তথ্য ও ছবি পাওয়া যায়। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে।
এসব প্রতিবেদনের বাইরে সাম্প্রতিক সময়ে মাদারীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই সার্বিক বিশ্লেষণে ফ্যাক্টওয়াচ সম্প্রতি প্রচারিত পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
Claim: মাদারীপুরের সদর থানার মস্তফাপুরের পর্বতবাগান দিঘীরপাড় গণেশ পাগলের মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh