এআই ভিডিও দিয়ে ফটোসাংবাদিককে পুলিশের পেটানোর দাবি  

14
এআই ভিডিও দিয়ে ফটোসাংবাদিককে পুলিশের পেটানোর দাবি  
এআই ভিডিও দিয়ে ফটোসাংবাদিককে পুলিশের পেটানোর দাবি  

পুলিশের পোশাক পরা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, শিক্ষার্থীদের মারামারির ছবি তোলায় সাংবাদিককে পেটাল পুলিশ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি এআই ব্যবহার করে বানানো হয়েছে।   

 

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে

পর্যালোচনা করে ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের অবাস্তব গতিবিধি লক্ষ্য করা যায়। যে ব্যক্তিকে পেটানো হচ্ছে তার মুখ অস্বাভাবিক দেখায়। পেছনে দৌড়ানো দুই নারী অবয়বের চলাফেরা বাস্তব মনে হয় না। এ ধরনের বিচ্যুতি এআই নির্মিত ভিডিওতে দেখা যায়। 

এ ছাড়া, ভিডিওটি এ আই শানাক্তকারী টুল ডিপফেক ও মিটার (Deepfake o Meter) দিয়ে যাচাই করে ১০০% এআই নির্মিত হওয়ার সম্ভাবনা পাওয়া যায়।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম- “শিক্ষার্থীদের মারামারির ছবি তোলায় সাংবাদিক পেটাল পুলিশ”। এই প্রতিবেদনের সঙ্গে যে স্থির ছবি যুক্ত রয়েছে, সেটির স্থান ও ব্যক্তিদের পোশাক আলোচিত ভিডিওর সঙ্গে মেলে। এই ছবিটি ব্যবহার করে আলোচিত ভিডিওটি বানানো হয়েছে বলে ধারণা করা যায়।

আরও অনুসন্ধানে ঢাকা টাইমসের একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনটিও ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। এখান থেকে জানা যায়, ওই সময় রাজধানীর ধানমন্ডি কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ। এসময় ঘটনাস্থলে থাকা দুই সাংবাদিক লাঠিচার্জের দৃশ্য ধারণ করতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করে পুলিশ। এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছবির সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে পুলিশ কর্তৃক ফটোসাংবাদিক পেটানোর খবর সংবাদমাধ্যমে পাওয়া যায় না। 

কাজেই আলোচিত এআই ভিডিওটি ২০২৩ সালের ঘটনার একটি স্থির ছবি ব্যবহার করে বানানো হয়েছে। 

ফলে সঙ্গত কারণে, এই ভিডিওযুক্ত পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ। 

Claim:
পুলিশের পোশাক পরা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, শিক্ষার্থীদের মারামারির ছবি তোলায় সাংবাদিককে পেটাল পুলিশ।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh