সম্প্রতি এক হাতে তসবিহ ও আরেক হাতে অস্ত্র ধরা একজন পুলিশ সদস্যের ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন এবং ডিউটি শেষে বাড়ি ফেরার পথে 'জঙ্গিরা' তাকে হত্যা করে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিতে দৃশ্যমান পুলিশ সদস্যের নিহতের দাবিটি সত্য নয়। ভাইরাল এই পুলিশ সদস্যের নাম জসীম উস্তাদ। তিনি বেঁচে আছেন এবং বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত আছেন। জসীম উস্তাদের সঙ্গে কথা বলে তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে ফ্যাক্টওয়াচ।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি অন্তত চলতি সপ্তাহের শনিবার (২৪ মে) থেকে ফেসবুকে পাওয়া যায়। বিভিন্ন প্রোফাইল ও অ্যাকাউন্ট থেকে এক হাতে তসবিহ ও আরেক হাতে অস্ত্র ধরা পুলিশ সদস্যের ছবিটি পোস্ট করা হয়। একই ক্যাপশনের কোনো কোনো পোস্টে এই পুলিশ সদস্যের একটি ভিডিও ফুটেজও পাওয়া যায়। ভিডিওটিতে এই পুলিশ সদস্যকে একজন বৃদ্ধাকে দান করতে দেখা যায়। এই ভিডিও ও ছবিগুলো পোস্ট করা অ্যাকাউন্টগুলো বিশ্লেষণে দেখা যায়, এগুলোর কোনো কোনোটি বাংলাদেশ পুলিশে কর্মরত ব্যক্তিদের দ্বারা পরিচালিত।
আরাফাত মিশুক নামের এমন একটি ফেসবুক প্রোফাইলে শনিবার (২৪ মে) ছবিটি নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। এই প্রোফাইলের তথ্যানুযায়ী, তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত। তার পোস্টে মুহাম্মদ নয়ন নামে একটি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে দাবি করা হয়, অস্ত্র ও তসবিহ হাতে ধারণকৃত পুলিশ সদস্যটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত আছেন। বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে করা কমেন্টে দাবি করা হয়, এই পুলিশ সদস্যের নাম জসীম উস্তাদ।
এই সূত্রে পরে আরও খুঁজে ‘Bp Tî Rʌsɘɭ‘ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে জুলাই আন্দোলনে নিহত দাবিতে আলোচিত পুলিশ সদস্যের একটি ভিডিও পাওয়া যায়। এই অ্যাকাউন্টের তথ্যমতে, এর পরিচালনাকারীও বাংলাদেশ পুলিশে কর্মরত।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘এক হাতে তসবিহ, আর মুখে রয়েছে গালভরা দাড়ি,আর অন্তরে রয়েছে মানুষের সাহায্য করার অনুপ্রেরণা,তার মতো হাজারো পুলিশ আমাদের ডিপার্টমেন্টে আছে। তাহলে আপনারাই বলুন,এমন একজন লোক কি কখনো কারো ক্ষতি করতে পারে? প্রফেশন কখনো খারাপ হয় না খারাপ হয় যার যার ব্যক্তিত্ব। আমাদের জসিম ওস্তাদ,,আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে..।’
এই পোস্টের কমেন্টবক্সে এক ব্যক্তি জানতে চান তিনি ৫ আগস্ট মারা গেছেন কিনা? উত্তরে ‘Bp Tî Rʌsɘɭ’ লিখেন, তিনি বেঁচে আছেন। মারা যাননি।
এসব কমেন্ট ও পোস্টের সূত্রে আলোচিত পুলিশ সদস্য এই জসীম উস্তাদকে খুঁজে পায় ফ্যাক্টওয়াচ। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফ্যাক্টওয়াচকে জানান, তিনি বেঁচে আছেন, তার মৃত্যুর দাবিটি গুজব। ফেসবুকে তার ছড়িয়ে পড়া ছবিগুলো তিনি দেখেছেন এবং এসব নিয়ে তিনি বিরক্ত।
জসীম উস্তাদ আরও জানান, তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, অস্ত্র ও তসবিহ হাতে ধারণকৃত পুলিশ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে বাড়ি ফেরার পথে নিহত হওয়ার দাবিটি গুজব।
এটি আরও নিশ্চিত হওয়া যায়, এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে নিহত পুলিশদের সংখ্যা ও নাম-পরিচয় নিয়ে একটি তালিকা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের ২৫ অক্টোবর প্রকাশিত এই তালিকাটি তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। এই তালিকা অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারাদেশে নিহত পুলিশের সংখ্যা ৪৪ জন।
এই ৪৪ জনের মধ্যে জসীম উস্তাদ নামে যাত্রাবাড়ী থানায় কোনো পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া আলোচিত দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: সম্প্রতি এক হাতে তসবিহ ও আরেক হাতে অস্ত্র ধরা একজন পুলিশ সদস্যের ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন এবং ডিউটি শেষে বাড়ি ফেরার পথে 'জঙ্গিরা' তাকে হত্যা করে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh