সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটি এআই জেনারেটেড। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাস্তব, এআই জেনারেটেড নয়। এ ছাড়া জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান সংবাদমাধ্যমকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটি পর্যবেক্ষণ করে এমন কোনো অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি, যেগুলো সাধারণত এই জেনারেটেড কনটেন্টে দেখা যায়। যেমন, ভিডিওটিতে দৃশ্যমান গাজী নজরুল ইসলাম ও তার সঙ্গে তরুণীর চলাফেরা, নড়াচড়া খুবই সাবলীল দেখা যাচ্ছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দৈনিক কালবেলায় ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনটিতে ভিডিওটি নিয়ে জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমানকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে।’
এ ছাড়া ভিডিওটির একাধিক ফ্রেম এআই জেনারেটড কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের সাহায্যে যাচাই করে দেখা হয়। এতেও দেখা যায়, ভিডিওটি এআই জেনারেটেড নয়।
প্রসঙ্গত, ভিডিওটিকে এআই জেনারেটেড দাবি করে ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই ছবিটিই এই জেনারেটেড। ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সার্বিক বিশ্লেষণে ফ্যাক্টওয়াচ গাজী নজরুল ইসলামের ছড়িয়ে পড়া ভিডিওটিকে এআই বলে দাবি করা পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি এআই
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh