মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে গতকাল বুধবার (৮ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধ বিরতিতে যেতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করে পাকিস্তান। এমন প্রেক্ষাপটে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হওয়ায় ভারতীয় এক টিভি উপস্থাপকের প্রতিক্রিয়ার দৃশ্য এটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন পুরুষ উপস্থাপক উন্মত্ত আচরণ করছেন। পাশেই আরেক নারী উপস্থাপক বসে আছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি এআই জেনারেটেড।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে এটির কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। ভিডিওটিতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপির লোগো দেখা যায়। কিন্তু লোগোর নিচের লেখাটি অস্পষ্ট। এই ধরনের অস্পষ্টতা এআই জেনারেটেড কনটেন্টে দেখা যায়। আবার এই কারণে ভিডিওটি এবিপির কোনো ইউটিউব চ্যানেল থেকে নেওয়া কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পরে ফুটেজটি পর্যবেক্ষণ করে এমন আরও অসঙ্গতি নজরে পড়ে। ১০ সেকেন্ডের মাথায়, পুরুষ উপস্থাপকের ছোঁড়া একটি সাদা কাগজ হঠাৎ কালো হয়ে যায়। আবার টেবিলের ওপর কোনো ট্যাব জাতীয় কোনো কিছু দেখা না গেলেও কালো বস্তুটি নিচে পড়ার সময় ভাঙার শব্দ পাওয়া যায়।
কাগজ ছোঁড়ার সময় তার হাতও অদৃশ্য হয়ে যায়।
১৭ সেকেন্ডের মাথায়, উপস্থাপকের ছুঁড়ে মারা চেয়ারটি রূপান্তরিত হয়ে হালকা বস্তুতে পরিণত হয়।
ভিডিওটি খেয়াল করলে দেখা যায়, পুরুষ উপস্থাপকের চোখগুলোও অস্বাভাবিক। চোখ বন্ধ অবস্থাতেই তিনি বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
তাছাড়া, ভাইরাল ভিডিওটি জুড়ে স্ক্রিনে প্রদর্শিত লেখাগুলো অনুবাদ করলে সেখানেও অসঙ্গতি ধরা পড়ে। কারণ এই লেখাগুলোতে কোনো অর্থপূর্ণ ভাষার পরিবর্তে এলোমেলো অক্ষর ও শব্দ রয়েছে, যা এআই-নির্মিত কন্টেন্টের একটি সুস্পষ্ট লক্ষণ।
ভিডিওটি নিয়ে আরও অনুসন্ধানে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে গতকাল বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সংবাদমাধ্যমটি পাকিস্তানের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান আই ভেরিফাইয়ের সূত্রে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
আই ভেরিফাই হচ্ছে পাকিস্তানের করাচিতে অবস্থিত ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটির সেন্টার ফর এক্সিলেন্স ইন জার্নালিজম (সিইজে)-এর একটি তথ্য যাচাই উদ্যোগ, যা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত।
আই ভেরিফাই একাধিক টুলের সাহায্যে ভিডিওটি যাচাই করে জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হওয়ায় ভারতীয় এক টিভি উপস্থাপকের প্রতিক্রিয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়, এআই জেনারেটেড।
এসব বিবেচনায় ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হওয়ায় ভারতীয় এক টিভি উপস্থাপকের প্রতিক্রিয়া বিশ্ব বাজারে ভাইরাল হয়েছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh