একটি শিক্ষাপ্রতিষ্ঠান-সদৃশ ভবনের সামনে ব্যাগ কাঁধে বোরখা পরিহিত অসংখ্য মেয়ে ছুটে পালাচ্ছে – এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটি ভারতের একটি বালিকা মাদ্রাসায় সাম্প্রদায়িক হামলার দৃশ্য। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, এটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানার একটি বালিকা বিদ্যালয়ে হুথি (Houthi) বিদ্রোহীদের হামলা করার দৃশ্য।
রিভার্স ইমেজ সার্চে “Yemeni Radar #YemenCantWait” নামক এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যাচ্ছে। “Houthi militias storm girls’ school in Hamdan, north of Sana’a Yemen” ক্যাপশনে ভিডিওটি ২০২৪ সালের ১২ অক্টোবর পোস্ট করা হয়েছিলো।
এ সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে “ইয়েমেন শাবাব” নামক ইয়েমেনি একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে ভিডিওটি খুঁজে পাওয়া যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর, ২০২৪ এ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে এই অজুহাতে ইয়েমেনের হুথিরা সানার উত্তরের হামেদান জেলার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায়। তারা সেখানে ঢুকে শিক্ষার্থীদের বের করে দিয়ে স্কুল বন্ধ করে দেয়। স্কুল কর্তৃপক্ষ জাতীয় দিবস উদযাপনের আয়োজন করেছিলো, যা হুথিরা ভাঙচুর করে। শিক্ষার্থীদের আতঙ্কে স্কুল ছেড়ে পালানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলো।
ইয়েমেনের আরেকটি সংবাদ সংস্থা “Yemen Now News”-এর ১৪ সেপ্টেম্বর, ২০২৪ এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, স্কুল কর্তৃপক্ষ স্কুলের দেয়ালে স্লোগান এবং সবুজ পতাকা উত্তোলন করতে অস্বীকার করায়, এবং শিক্ষার্থীরা নবীর জন্মদিন উদযাপন করতে অস্বীকার করায় হুথিরা বিদ্যালয়টিতে হামলা চালায়।
উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা হলো ইয়েমেনের একটি শিয়া মুসলিম বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠী মূলত ইয়েমেনের উত্তরাঞ্চল, বিশেষত সা’দা প্রদেশ থেকে উঠে এসেছে।
এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ভাইরাল ভিডিওটি ইয়েমেনে একটি স্কুলে হামলার দৃশ্য এবং এর সাথে ভারত, বা ভারতে সাম্প্রদায়িক হামলার কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
Claim: একটি শিক্ষাপ্রতিষ্ঠান-সদৃশ ভবনের সামনে ব্যাগ কাঁধে বোরখা পরিহিত অসংখ্য মেয়ে ছুটে পালাচ্ছে – এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটি ভারতের একটি বালিকা মাদ্রাসায় সাম্প্রদায়িক হামলার দৃশ্য।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh