সৌদিতে ইরানের হামলার দাবিতে ইয়েমেনের পুরোনো ভিডিও প্রচার

33
সৌদিতে ইরানের হামলার দাবিতে ইয়েমেনের পুরোনো ভিডিও প্রচার
সৌদিতে ইরানের হামলার দাবিতে ইয়েমেনের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ফেসবুকে অগ্নিকান্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, “সৌদিতে সৌদি-মার্কিন যৌথ তেল স্থাপনায় ইরানের আঘাতে দাউ দাউ জ্বলছে আগুন।” কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাস্তবে এটা ২০২৪ সালে ইয়েমেন বন্দরে ইসরায়েলি হামলার পুরোনো ভিডিও। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর ইউটিউবে ‘NEWS9 Live’ এর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটির বর্ধিত সংস্করণ খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২০ জুলাই আপলোড হওয়া এই ভিডিও থেকে জানা যায়, এটি মূলত ইয়েমেনের হোদাইদাহ বন্দরে ইসরায়েলি বিমান হামলার দৃশ্য। 

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদাইদাহ (Al-Hudaydah) বন্দরের তেল সংরক্ষণাগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল এই ‘অপারেশন আউটস্ট্রেচ’ পরিচালনা করে। এই হামলার ফলে বন্দরের তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা কয়েকদিন ধরে জ্বলছিল। ভাইরাল ভিডিওটি মূলত সেই সময়ে ধারণ করা।

অন্যদিকে, ইরান চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু আলোচিত ভিডিওটি এই ঘটনার অনেক আগের।অর্থাৎ, ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন সময়ের, ভিন্ন স্থানের এবং ভিন্ন প্রেক্ষাপটের। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওর উপর ভিত্তি করে করা দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে অগ্নিকান্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, “সৌদিতে সৌদি-মার্কিন যৌথ তেল স্থাপনায় ইরানের আঘাতে দাউ দাউ জ্বলছে আগুন।”

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh