আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার আবু নাছেরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফ-এমন একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফ নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, এই নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর দাবিটি মিথ্যা।
দাবিটির সত্যতা যাচাইয়ে জোবাইরুল আরিফের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, ‘অনেকে জানতে চাচ্ছেন, আমি অন্য কোন প্রার্থীকে সমর্থন দিয়ে নেমে গেছি কিনা। না ভাই, নামি নাই। যাঁর আমাকে সমর্থন দিয়ে নামার কথা তিনিও নাকি নামেন নাই, আমিও আছি চট্টগ্রাম আটে। আসল কথা হচ্ছে, ঢাকা-৮ আর চট্টগ্রাম-৮ এ আসল নির্বাচনী আমেজটা পাওয়া যাচ্ছে।…আমি আছি ভাই। গণসংযোগ চলছে। দুপুরের পর আবার শুরু হবে, আসুন চাঁদাবাজির বিরূদ্ধে জনমত গড়ে তুলি।’
এই ব্যাপারে নিউজনাউ২৪ নামে একটি নিউজ পোর্টালকে গতকাল শনিবার জোবাইরুল আরিফ বলেন, ‘এসব প্রোপাগান্ডা। আমি সরে দাঁড়াইনি। যা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ফেইক। এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’
চট্টগ্রাম-৮ আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থীর আসলে কে, তা নিয়ে এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় পর্যায়ে এ বিষয় নিয়ে আলাপ–আলোচনা চলছে। কিন্তু স্থানীয় পর্যায়ে জোটের পক্ষে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা, সেটি পাচ্ছি না।’
প্রতিবেদনটিতে থেকে জানা যায়, শাপলা কলি প্রতীকের প্রচারণা চালাচ্ছেন মো. জোবাইরুল আরিফ। শনিবার তার আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা করেছেন তিনি।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন জোবাইরুল আরিফ এবং একই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন ডা. আবু নাছের। গত ২০ জানুয়ারি ১১ দলীয় নির্বাচনী জোটের আসন বণ্টনের ঘোষণায় চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির জন্য ছেড়ে দেয় জামায়াত। জামায়াত আসন ছাড়লেও ডা. আবু নাছের প্রার্থীতা প্রত্যাহার করেননি।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখতে গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে ২৯ জানুয়ারি নির্বাচন কমিশন থেকে জামায়াতকে জানানো হয়, প্রতীক বরাদ্দের নির্ধারিত তারিখের পরে নতুন করে প্রতীক প্রত্যাহারও করা যাবে না, বরাদ্দও করা যাবে না।
এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার আবু নাছেরকে সমর্থন জানিয়ে এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি সঠিক নয়। ফলে ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার আবু নাছেরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফ-এমন একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh